শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ সময় রাত ৩টায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলায় ভাষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সময় রাত ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাঁর ভাষণ বাংলায় প্রদান করবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে (বাংলাদেশ সময় হিসেবে শুক্রবার ভোর তিনটা থেকে সাড়ে ৩টা) এই ভাষণ দেবেন তিনি।

বিকেলের এই অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে ১১তম বক্তা হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।

বাংলায় দেওয়া এই ভাষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেন তিনি।

তারেক রহমানের পিতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন পরিবারের প্রথম সদস্য, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য দেন।

এ ছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালে দুটি পৃথক সভায়ও ভাষণ দেন তিনি।

ফলে এবার তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর সস্ত্রীক নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর