হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দরের বহুতল কার-পার্কিংয়ের নিচতলা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, তিনজনকে বিমানবন্দরের বহুতল কার-পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, উদ্ধার করা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমআইকে/এআর




