রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থানের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান (৪৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানায় লেবেল অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত এগারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। তার বাবার নাম আব্দুস সুবহান। তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলের জনক ছিলেন।
হাসানের রুমমেট মো. কবির হোসেন জানান, রাতে কারখানার ডিউটি শেষে বাসায় ফিরছিলেন হাসান। নলভোগ কবরস্থানের সামনে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এম.এম.আর/এএস




