আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এতে আরও বলা হয়েছে, এ নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা এ সময়ের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
এমএইচএইচ/এআর




