রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নূরনবী লিটন। পেশায় তিনি স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আহত রবিউল তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। তারা দুজনই রাজধানীর গুলশান-শাহজাদপুর এলাকায় বসবাস করতেন।
নিহতের বন্ধু রাকিব জানান, মঙ্গলবার রাতে সুমন মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসেছিলেন রবিউল। তারা নতুন বাজার এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত রবিউলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এএস




