পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী পুকুরের পাড় ভাঙন রোধ করে সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুকুরটির মালিকানা বা ব্যবস্থাপনা ডিএসসিসির কাছে হস্তান্তর করা হলে দ্রুত উন্নয়নকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগর ভবনে বংশাল এলাকার পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় প্রতিনিধিরা বংশালের ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও যাতায়াতসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুরোনো পুকুরটির পাড় ভেঙে আশপাশের ভবন ঝুঁকিতে পড়ার বিষয়টি জানিয়ে দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
ডিএসসিসি প্রশাসক বলেন, বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি।
তবে পুকুরটি বর্তমানে ডিএসসিসির অধীনে না থাকায় সরকারি অর্থে সেখানে উন্নয়নকাজ করা সম্ভব নয় বলে জানান আবদুস সালাম। তিনি বলেন, স্থানীয়রা পুকুরটি ডিএসসিসির ব্যবস্থাপনায় বুঝিয়ে দিলে দ্রুত কাজ শুরু করা হবে।
পুকুরটি ঘিরে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা ও সবুজায়নের পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, এটিকে সৌন্দর্যবর্ধন, লাইটিং ও সবুজায়নের মাধ্যমে একটি আধুনিক পার্কের আদলে গড়ে তোলা হবে, যেন সব বয়সের মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন।
পুকুরটির বর্তমান অবস্থা যাচাই করতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কারিগরি দল শিগগিরই সরেজমিনে পরিদর্শনে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটির সহযোগিতায় পুরান ঢাকার এ ঐতিহ্য সংরক্ষণে কাজ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
এমএইচ/এমআর




