মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাড়ল মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

বাড়ল মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া
কিলোমিটারে ১৭ পয়সা বেড়েছে বাসের ভাড়া। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার বাস ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের বৈঠক শেষে নতুন ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকের পরপরই সরকারদলীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘পরিবহন মালিকরা বিআরটিএ’র সাথে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা তিন পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।’

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, ‘হিসাব অনুযায়ী এক টাকা বাড়লে এক পয়সা বাড়ে। আমি পরিবহন মালিকদের ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে ১৭ পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। ১৭ পয়সা বাড়বে ২০ টাকা বাড়ার ফলে, প্রতি কিলোমিটারে। সেটাই নির্ধারিত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘যেকোনো ভাড়াই এক ধরনের চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তেলের মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে, তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার ও মহানগর রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়বে। ফলে রাজধানীসহ বিভিন্ন মহানগর ও দূরপাল্লার রুটে যাত্রীদের আগের তুলনায় বাড়তি ভাড়া গুনতে হবে।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর সোমবার বাসভাড়াও বাড়ানোর প্রস্তাব দেন পরিবহন মালিকরা। কিলোমিটার প্রতি বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে প্রস্তাব দেন তারা। সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

আরও পড়ুন

তেলের দাম বাড়ার ধাক্কা, চাপে উৎপাদক থেকে ভোক্তা

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে। 

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার বাড়ানোর আগ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ছিল ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাস ভাড়া।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর