মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ এএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর তোড়জোড়
অনেক বাস আগেভাগেই বাড়তি ভাড়া আদায় করছে। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লা ও নগর—দুই ধরনের বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে নতুন ভাড়া।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বৈঠকসংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানিয়েছে, শহর ও দূরপাল্লা—উভয় ক্ষেত্রেই ২০ পয়সা করে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ফলে চূড়ান্ত ভাড়া কত হবে, তা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। প্রস্তাব অনুযায়ী তা বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে বর্তমান ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। ১৮ পয়সা বাড়লে তা হবে ২ টাকা ৭১ পয়সা। আর ২০ পয়সা বাড়ানো হলে হবে ২ টাকা ৭৩ পয়সা।

সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন না আনার সুপারিশ করা হয়েছে। বাসে সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা ভাড়া আগের মতো রাখার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন

‘সব টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তবে কি আমরা না খেয়ে থাকুম?’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিআরটিএ প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠাবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার প্রথম দিনেই রাজধানী ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকার বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দূরপাল্লার বাসে কোথাও কোথাও আগের ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সবধরনের জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। ছবি: সংগৃহীত
সবধরনের জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। ছবি: সংগৃহীত

তবে সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণের আগে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে মালিক সমিতি। সংগঠনটির নেতারা বলেছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আগের নির্ধারিত ভাড়াই নেওয়া উচিত।

রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশে কেন বাড়ল জ্বালানি তেলের দাম?

গণপরিবহনের বড় একটি অংশ ডিজেলচালিত হওয়ায় দাম বাড়ার পর বাস পরিচালনার ব্যয় বেড়েছে। এই বাড়তি ব্যয় বিবেচনায় নিয়েই ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বাইরে যন্ত্রাংশ, শ্রমিক মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয়কে আলাদাভাবে ভাড়ার সঙ্গে যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাধারণ হিসাবে, ডিজেলের দাম লিটারপ্রতি এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি প্রায় এক পয়সা বাড়ানোর হিসাব করা হয়। সেই হিসাবে ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়লেও দূরপাল্লার বাসে ভাড়া ১১ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ১১ পয়সা বাড়ানো হয়।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর