মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি-বোমা মেরে ২৫ ভরি সোনা লুট, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ এএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি-বোমা মেরে ২৫ ভরি সোনা লুট, গুলিবিদ্ধ ২
কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি-বোমা মেরে ২৫ ভরি সোনা লুট, গুলিবিদ্ধ ২

কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ভাইকে গুলি করে প্রায় ২৫ ভরি সোনা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে (২০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের হযরতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অন্তর সরকার কেরানীগঞ্জের হযরতপুর বাজারে জুয়েলারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুফাতো ভাই রাজিব সোনা-অলংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার উদ্দেশে রওনা হন।

রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে নয়জন এবং একটি সিএনজি অটোরিকশায় আসা আরও কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা অনবরত হামলা চালিয়ে অন্তর ও রাজিবের পায়ে গুলি বর্ষণ করে। এরপর তাদের কাছে থাকা সোনার অলংকার ভর্তি টিফিনবক্সটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ৫-৬টি ককটেল বা বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

অন্তর সরকার জানান, ছিনতাই হওয়া টিফিনবক্সটিতে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর