জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের শুনানির জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছর সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। সেই আবেদনের শুনানির জন্যই ২৮ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত। এর আগে সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলেও আবেদন করেছিলেন একজন বিদেশি আইনজীবী।
গত বছরের জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের এই দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে তাদের মধ্যে হওয়া ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ বিষয়ে আলোচনা হয়েছিল। এসব বক্তব্য ও নির্দেশনার পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ বিভিন্ন সময়ে ঢাকাসহ সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গত বছরের ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলছে। জুলাই আন্দোলনে সরকার পতনের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে কারাগারে রয়েছেন।
আরএনবি




