রাজধানীর ওয়ারীতে জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান,আমরা খবর পেয়ে জয় কালী মন্দির এলাকায় এক ব্যাটারি চালিত ভ্যানচালককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি নিহত ভ্যানচালক দ্রুতগতিতে ভ্যান চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে ভ্যানের নিচে চাপা পড়ে।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বর্তমানে তিনি মগবাজার আমতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
এসআই আরও জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এফএ




