রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পানি দ্রুত সরাতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এ তথ্য জানিয়েছে।

ডিএসসিসি জানায়, ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এতে সংস্থাটির আওতাধীন কিছু নিচু এলাকা ও ঢালু সড়কে সাময়িকভাবে পানি জমে যায়। জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি কমাতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম বিভিন্ন এলাকায় কাজ শুরু করে।

রেসপন্স টিমের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেনেজ লাইনে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সরানোর পাশাপাশি পানি নিষ্কাশনের কাজ করছেন। দ্রুত পানি সরিয়ে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএসসিসি।

পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকে ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

জলাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে জলমগ্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষ করে রাস্তায় উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। জলমগ্ন সড়কে খোলা ম্যানহোল বা ড্রেন থাকতে পারে উল্লেখ করে পথচারী ও যানবাহনের চালকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

জলাবদ্ধতা সংক্রান্ত তথ্য জানানো বা জরুরি প্রয়োজনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর