শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষা থেকে বঞ্চনার চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না: দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষা থেকে বঞ্চনার চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না: দেবপ্রিয়
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শিক্ষা থেকে বঞ্চনার চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না। সবার আগে বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষার বাংলাদেশ গড়ে তুলতে হবে। শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষের সন্তানদের প্রকৃত শিক্ষা এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সরকার কি প্রতিশ্রুতি পূরণ করছে? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের প্রাথমিক শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম।

শিক্ষাব্যবস্থার বর্তমান সংকট তুলে ধরে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু পাস করতে পারছে না। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে শিক্ষার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষকতা পেশায় আসতে চাইছে না। তার ভাষায়, এই তিনটি বড় সমস্যা শিক্ষা খাতকে পীড়িত করছে এবং এগুলোর সমাধান প্রয়োজন।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ বললে সবার আগে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে। যারা শ্রমজীবী মানুষের উত্থানের কথা বলেন, সেই উত্থান হতে হবে তাদের সন্তানদের প্রকৃত শিক্ষা দেওয়ার মাধ্যমে। শ্রমজীবী মানুষের সন্তান এবং পিছিয়ে পড়া মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ দিতে হবে। তাদের জন্য উপযুক্ত শিক্ষার জায়গা নিশ্চিত করতে হবে।

ড. দেবপ্রিয় বলেন, যারা নতুন বন্দোবস্তের কথা বলেন, সেই নতুন বন্দোবস্তের অন্যতম ভিত্তি হতে হবে শিক্ষার অধিকার কার্যকরভাবে বাস্তবায়ন করা। আর যারা ইনসাফের কথা বলেন, তাদের মনে রাখতে হবে, শিক্ষা থেকে বঞ্চনার চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর