দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা বা পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে।
নতুন এই বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তবে সব সরকারি কর্মচারীই নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না। গেজেটে কয়েকটি শ্রেণির সরকারি চাকরিজীবীকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
যারা পাবেন না নতুন পে-স্কেলের সুবিধা
প্রকাশিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় থাকবেন না। এছাড়া প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীদের বাদ দিয়ে প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন।
একইভাবে পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মচারীদের ক্ষেত্রেও নতুন পে- স্কেল প্রযোজ্য হবে না। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণির শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থীদেরও নতুন বেতন স্কেলের আওতামুক্ত রাখা হয়েছে।
এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তি, দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর সুবিধা পাবেন না।
অর্থাৎ, নতুন বেতন স্কেল সাধারণভাবে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য হলেও গেজেটে উল্লেখ করা নির্দিষ্ট শ্রেণির কর্মচারীরা এর বাইরে থাকবেন।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন পে স্কেল
নতুন বেতন স্কেল একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, নতুন বেতন স্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।
এরপর ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দ্বিতীয় ধাপে এই হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। সবশেষে ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী মূল বেতন শতভাগ কার্যকর হবে।
যদিও নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে, এর গেজেট প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাওয়ার বিধান রাখা হয়েছে।
তবে গেজেট অনুযায়ী, এই সময়ের জন্য নতুন বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করে যে অর্থ দেওয়া হবে, তার সঙ্গে কর্মচারীরা আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।
এএইচ




