বুড়িগঙ্গার তীর থেকে বর্জ্য সংগ্রহ করে জমা দিলে বিনিময়ে মিলছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। নদীদূষণ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়াতে এমন ব্যতিক্রমী ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোয়ারীঘাট লঞ্চঘাটে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
একটি লঞ্চ সাজিয়ে অস্থায়ী ভাসমান বাজারটি তৈরি করা হয়েছে। উদ্বোধনী দিনে বুড়িগঙ্গার তীরে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে সেখানে জমা দেওয়ার বিনিময়ে অংশগ্রহণকারীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, বুড়িগঙ্গাকে ঘিরেই প্রাচীন ঢাকা গড়ে উঠেছিল। একসময় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম ভিত্তি ছিল এ নদী। কিন্তু অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গার অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, আজ হয়তো এক দিনে বুড়িগঙ্গার সব সমস্যার সমাধান হবে না, তবে এই কর্মসূচির মাধ্যমে আমরা নদীতীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।
আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌচলাচলের উপযোগী করতে গুরুত্ব দিয়েছেন। নদীগুলো পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এর প্রাথমিক ধাপে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন আবদুস সালাম। তিনি জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালিত হবে। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থাও অব্যাহত থাকবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাবের খোসা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ছাদ কিংবা ড্রেনে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএইচ/এআরএম




