বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ওসির ফোনালাপ ফাঁস: রাষ্ট্রদ্রোহ মামলার দাবিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

ওসির ফোনালাপ ফাঁস: রাষ্ট্রদ্রোহ মামলার দাবিতে আইনি নোটিশ
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্ত, গ্রেফতার ও দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনার বরাবর নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। ডাকযোগে নোটিশটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ওসি রাকিবুল ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। এতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করতে শোনা গেছে।

প্রচারিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবারই ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি।

এই প্রেক্ষাপটে পাঠানো আইনি নোটিশে জনস্বার্থে পাঁচটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রচারিত অডিও রেকর্ডটির সত্যতা, উৎস, সম্পাদনা বা বিকৃতির সম্ভাবনা এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে।

তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের আইনগত উপাদান ও প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি প্রযোজ্য আইনে মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাশাপাশি তদন্তের স্বার্থে এবং প্রচলিত আইনে প্রয়োজনীয়তা প্রতীয়মান হলে ওই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথাও বলা হয়েছে নোটিশে।

এ ছাড়া তদন্তের অগ্রগতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনস্বার্থে যথাসম্ভব স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার পর এ বিষয়ে কী ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনস্বার্থে নোটিশদাতাকে জানাতেও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন আইনজীবী জুলফিকার আলী জুনু।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর