আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে বলি যে বাই ইলেকশনটা, এই বাই ইলেকশনে আমাদের ট্রুপস ডেপ্লয়মেন্ট হবে যেমনটা জাতীয় সংসদ নির্বাচনে হয়েছিল অনেকটা ওরকমই। এবং এখানে আমরা সব ধরনের যে আপনার প্রযুক্তি ব্যবহার করেছিলাম জাতীয় নির্বাচনে সেই প্রযুক্তিগুলো ব্যবহার হবে। পারতপক্ষ আরেকটু বেশি ব্যবহৃত হবে যাতে করে খুব সুন্দরভাবে নির্বাচনটা সম্পন্ন করা যায়। সুতরাং ওখানে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে।
তফসিল অনুযায়ী, এ উপ-নির্বাচনে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।
আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ ২৯ অক্টোবর।
নির্বাচনে আউট অব কান্ট্রি ভোটিং (আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট) থাকছে এবারও। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও ১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩২২ জন। নির্বাচনে ভোটগ্রহণ সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত। ভোটকেন্দ্র ১৮৫টি, ভোটকক্ষ ৯৮৯টি।
এমএইচএইচ/এআরএম




