স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব:) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলার অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালিত হয়।
অনুসন্ধানে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করে। যা নিয়ে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ আইন একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।
এছাড়াও, তার স্ত্রী তাসরীন মুজিব স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করে। যা ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন তাসরীন মুজিবের পাশাপাশি তার স্বামীর নামে পৃথক আরো ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।
একেএস/এআরএম




