বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ চান রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ চান রিজভী
মো. রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়া শিল্পের উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নীতিগতভাবে এ শিল্পকে গুরুত্ব না দিলে সম্ভাবনাময় চামড়া খাত ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনের নিচতলায় ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে দেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের চামড়া বিশ্বে সমাদৃত। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতমানের জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘যে দেশের ছাগলের চামড়া গোটা পৃথিবীতে দামি চামড়া হিসেবে বিবেচিত হয়, সেই দেশের চামড়া শিল্প পিছিয়ে থাকতে পারে না।’

চামড়া শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে শিল্প উপদেষ্টা বলেন, ট্যানারি থেকে নির্গত রাসায়নিক বর্জ্য যাতে নদী, খাল-বিলসহ পরিবেশে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। বর্জ্য থেকে রাসায়নিক আলাদা করে পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, ট্যানারি এলাকার আশপাশে অপরিকল্পিতভাবে বসতি গড়ে উঠলে ভবিষ্যতে আবারও পরিবেশগত সংকট তৈরি হতে পারে। তাই এখনই এ বিষয়ে পরিকল্পিত নীতিমালা করা দরকার।

বিসিকের বিভিন্ন শিল্পনগরীর অব্যবহৃত জায়গা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব এলাকায় নতুন কারখানা গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

রিজভী বলেন, দেশের তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। বিসিকের শিল্পনগরীগুলোতে ছোট ও মাঝারি কারখানা গড়ে তোলার মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগানো যেতে পারে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী মেলাটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে ৪৯টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

এমআর/এআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর