কুমিল্লার গৌরীপুরের আঙ্গুরী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
ডা. সুলতান মাহমুদ জানান, রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওয়ালিদের শরীরের ১০ শতাংশ, ফারহানার ৫ শতাংশ এবং খালিদের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ ফারহানার স্বামী মো. আলমগীর জানান, তাদের ঘরের ভেতর দিয়ে লাইনের গ্যাসের পাইপ অন্য একটি ঘরের দিকে নেওয়া হয়েছিল। ওই পাইপ থেকে মাঝেমধ্যে গ্যাস বের হতো।
তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে আমাদের ঘর গ্যাসের গন্ধে ভরে যায়। এ সময় আমার ছেলে মশা মারার জন্য ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করতেই ঘরে আগুন লেগে যায়। এতে আমার স্ত্রীসহ দুই সন্তান দগ্ধ হয়।
আলমগীর আরও জানান, আগুনের পর পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৩টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এম.এম.আর/এএস




