বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কামরাঙ্গীচরে ভবন থেকে গ্যাস সিলিন্ডার পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

কামরাঙ্গীচরে ভবন থেকে গ্যাস সিলিন্ডার পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে চালের ওপর হয়ে নিচে পড়া একটি গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কামরাঙ্গীরচর থানার নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল নূরবাগ পুরানো পুলিশ ফাঁড়ি গলিতে নিজ টিনশেড বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের জনক।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের স্ত্রী বিউটি বলেন, কামরাঙ্গীরচরের নূরবাগ পুলিশ ফাঁড়ির গলির ২ নম্বর টিনশেড বাসাটি আমাদের নিজস্ব বাসা। রাতে আমার স্বামী বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমাদের বাসার দুই পাশে একটি ছয়তলা ও একটি পাঁচতলা ভবন রয়েছে। পাশের দুটি ভবনের যেকোনো একটি থেকে গ্যাস সিলিন্ডারটি প্রথমে আমাদের বাসার টিনের চালের ওপর পড়ে, সেখান থেকে ছিটকে এসে আমার স্বামীর মাথার ওপর আছড়ে পড়ে বলে আমরা ধারণা করছি। এভাবে যে তার মৃত্যু হবে তা আমরা কখনো ভাবতে পারিনি। পাশের দুটি ভবন থেকে গ্যাস সিলিন্ডারটি কীভাবে তার মাথায় পড়ল, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

এম.এম.রানা/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর