মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

‘অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট’
পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়েই এই ইউনিট প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপির সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস পরিচালিত হলেও একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজন দেখা দিয়েছে।

পুলিশ সদস্যদের মনোবল ও দক্ষতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের সুবিধা বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও কার্যকর করতে প্রয়োজনে বিদেশ থেকে ট্রেইনার এনে কিংবা আধুনিক সুবিধা গড়ে তুলে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে সাইবার স্পেসসহ যেকোনো অপরাধ মোকাবিলায় পুলিশ প্রস্তুত থাকতে পারবে।

সভায় বিগত ২০তম পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী অনুমোদন ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে পিএসসির অধীন পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠা, বাধ্যতামূলক প্রশিক্ষণকে পদোন্নতি ও পদায়নের অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা, এমআরটির ভূমি ব্যবহারের প্রস্তাব পর্যালোচনা এবং বাধ্যতামূলক প্রশিক্ষণের বৈদেশিক অংশের জন্য অর্থ বরাদ্দের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স এবং মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালু, ইন্টারপার (INTERPA)-এর মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন ও বিদেশে প্রশিক্ষণার্থী পাঠানো, পিএসসির অবকাঠামো উন্নয়ন, রজতজয়ন্তী উদ্‌যাপন এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রশিক্ষণ (Training for the SAARC Countries) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা বোর্ডের সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল উপস্থিত ছিলেন।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর