মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
মো. নাসির উদ্দিন রেজা। ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এক নারী কর্মীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় কথা বলতেন অভিযুক্ত কর্মকর্তা। প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা হয়।

মরিয়ম আক্তার নামের ওই সাবেক কর্মী গত ২৪ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ করেন। পরে তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করা হয়। মামলায় ডিএসইর মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও এজিএম মো. নাসির উদ্দিন রেজাকে আসামি করা হয়েছে।

খিলক্ষেত থানার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, মামলার অভিযোগে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির কথা বলা হয়েছে। ঘটনাস্থল হিসেবে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত ডিএসই টাওয়ারের লিফটের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে মরিয়ম আক্তার বলেন, তিনি প্রায় ১৬ বছর ডিএসইর নিকুঞ্জ-২ শাখায় চাকরি করেছেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই সন্তান নিয়ে চাকরির আয়ের ওপর নির্ভর করে পরিবারের ব্যয় নির্বাহ করছিলেন তিনি।

অভিযোগে তিনি বলেন, বিবাহবিচ্ছেদের পর নাসির উদ্দিন বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় ২০১৮ সাল থেকে ওই কর্মকর্তা তার প্রতি ক্ষিপ্ত ছিলেন বলে অভিযোগ করেন মরিয়ম। চাকরিতে থাকা অবস্থায় মুঠোফোনে ফোন ও এসএমএসের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগও করেন তিনি।

মরিয়মের অভিযোগ, একপর্যায়ে নাসির উদ্দিন মতিঝিল অফিসে কর্মরত থাকার সময় তাকে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরে বিষয়টি ডিএসইর বিভাগীয় ইনচার্জ শফিকুর রহমান এবং মনিটরিং, কমপ্লায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকর্মী সুম্মিতা রানী সাহাকে জানান তিনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিচার করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে ডিএসইর কার্যালয় মতিঝিল থেকে নিকুঞ্জ-২ এলাকায় স্থানান্তরিত হয়। এরপর নাসির উদ্দিন তার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার তালিকায় নাম দেন। পরে তিনি চাকরি থেকে অব্যাহতি পান বলে অভিযোগ করেন মরিয়ম।

এজাহারে সর্বশেষ ঘটনার তারিখ হিসেবে ১ এপ্রিল ২০২৬ উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর সাড়ে ১টার দিকে নিকুঞ্জ-২-এর রোড-২১ এলাকায় ডিএসই টাওয়ারের লিফটে নাসির উদ্দিন তাকে দেখে অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন মরিয়ম।

এ সময় তিনি চিৎকার করলে আশপাশের অফিসের লোকজন এগিয়ে আসেন। তখন নাসির উদ্দিন সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মরিয়ম বলেন, ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে কিছুটা স্বাভাবিক হয়ে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে থানায় অভিযোগ করেন। এ কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত মো. নাসির উদ্দিন রেজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর