জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেড়টার দিকে হাইকোর্টের বিপরীত দিকে গণপূর্তের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রায় ঘোষণার ঠিক ১৫ থেকে ২০ মিনিট পর গণপূর্তের সড়কের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। তবে ককটেলটি কারা ফুটিয়ে চলে গেছে, তা জানা যায়নি। চলন্ত রাস্তায় এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আবারও স্বাভাবিক হয়।
এ ঘটনায় কাউকে পুলিশ এখন পর্যন্ত আটক বা শনাক্ত করতে পারেনি। শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আলামত জব্দ করেছেন। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, তিনি এমন খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমআইকে/এআর




