মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে পৌঁছে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

সিলেটে পৌঁছে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
দুই মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। ছবি: ঢাকা মেইল

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন।

দুই মাজারেই রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আগমন ঘিরে মাজার ও আশপাশের এলাকায় সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

আরও পড়ুন

রাজনীতিতে হানাহানি নয়, শান্তি ও সমঝোতা চান রাষ্ট্রপতি

এর আগে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুর ১২টায় সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) এর মাজারে যান।

সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর