সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: পরিবেশ মন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: পরিবেশ মন্ত্রী
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন পরিবেশ মন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ) আমরা এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, নেপালের ঘটনার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সংশ্লিষ্টতা রয়েছে। নেপালে পর্বত আছে, আমাদের পর্বত নেই। যত বেশি বরফ গলবে, ততই পানির উচ্চতা বাড়বে। এতে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক বেশি লবণাক্ত পানি ঢুকে পড়বে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে।

এর আগে, মন্ত্রী ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তার কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা শোনেন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মাহবুবউল করিম, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর