বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহ-সভাপতি কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আরএফইডি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আরএফইডি’র দফতর সম্পাদক নাজনীন লাকীর পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদকে অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি।
সাধারণ ডায়েরির কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বনানী থানায় করা সাধারণ ডায়েরিতে কাজী ফরিদ আহমদ উল্লেখ করেন, ৮ সেপ্টেম্বর ২০২৬ আনুমানিক রাত ১১টা ১৯ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় অবস্থানকালে তার মোবাইল ফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। কলকারী নিজের পরিচয় না দিয়ে তাকে তার কর্মস্থলে যেতে নিষেধ করেন। সেখানে গেলে তার ক্ষতি করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে আরও বলা হয়, হুমকির ঘটনায় কাজী ফরিদ আহমদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।
এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেস্বর) আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে কাজ করা সংগঠনের একজন দায়িত্বশীল নেতাকে এভাবে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হুমকি শুধু একজন ব্যক্তির নিরাপত্তার জন্যই নয়, গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করে।
তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিক বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের জন্যও উদ্বেগজনক।
আরএফইডি’র নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাজী ফরিদ আহমদকে দেওয়া হুমকির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা কাজী ফরিদ আহমদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার দাবি জানান।
বিবৃতিতে আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। কাজী ফরিদ আহমদকে হুমকির ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রশাসনকে তার দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
এমএইচএইচ/এফএ




