কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়া এক হাজতি মারা গেছেন। তার নাম আব্দুল মাবুদ (৫৮)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মাবুদের বাবার নাম আব্দুল সোবহান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হামিমপুর এলাকায়। তবে তিনি কোনো মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
কারারক্ষী সাইফুল ইসলাম জানান, হাজতি আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এমআর




