আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট প্রদান করতে হলে প্রবাসীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) পোস্টাল ভোট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রবাসী ভোটাররা Postal Vote BD mobile Apps এর মাধ্যমে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
এর আগে পোস্টাল ভোট সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে নিবন্ধনের আহ্বান করে ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর সর্বশেষ সংশোধন ২০২৫ অনুযায়ী, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া দেশের অভ্যন্তরে সরকারি চাকরিতে থাকা এমন ব্যক্তিরা, যারা নিজের নির্বাচনি এলাকা বা ভোটার এলাকা ছাড়া অন্য এলাকায় চাকরিসূত্রে কিংবা সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন, তারাও পোস্টাল ভোটে ভোট দিতে পারবেন। একইভাবে বাংলাদেশে কোনো জেলখানায় বা আইনানুগ হেফাজতে আটক ব্যক্তি এবং যে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অধিকার রয়েছে সেই কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আগের নিবন্ধিত প্রবাসীরা পাবেন বার্তা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিদেশে বসবাসরত যেসব ভোটার ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ভোটে নিবন্ধন করেছিলেন, তাদের ইমেইল, প্রযোজ্য ক্ষেত্রে, হোয়াটসঅ্যাপ এবং Postal Vote BD App এর মাধ্যমে বার্তা বা নোটিফিকেশন দেওয়া হবে। এরপর পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে তাদের সম্মতি নিশ্চিত করে বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। তবে যারা আগে পোস্টাল ভোটে নিবন্ধন করেননি, ঠাকুরগাঁও ১ আসনের এমন প্রবাসী ভোটাররাও Postal Vote BD App এর মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন।
সরকারি কর্মকর্তাদেরও নতুন নিবন্ধনের সুযোগ
দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ রাখা হয়েছে। যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের এসএমএসের মাধ্যমে উপনির্বাচনে পোস্টাল ভোটে অংশগ্রহণের বিষয়ে সম্মতি বা নিশ্চয়তা নেওয়া হবে। এরপর হালনাগাদ বর্তমান ঠিকানায় তাদের ব্যালট পাঠানো হবে।
তবে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন।
নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিরাও ভোট দিতে পারবেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও Postal Vote BD App এর মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। অর্থাৎ ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের কারণে নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ না থাকলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জেলখানায় আটক ভোটারদের জন্যও সুযোগ
জেলখানায় অন্তরীণ থাকা ভোটারদেরও পোস্টাল ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিচারাধীন বন্দিরা Postal Vote BD App এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুসরণ করা একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এরপর তারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩২২ জন। নির্বাচনে ভোটগ্রহণ সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত। ভোটকেন্দ্র ১৮৫টি, ভোটকক্ষ ৯৮৯টি।
এমএইচএইচ/এএস




