শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাংবাদিক কার্ড ইস্যুতে সফটওয়্যার, করণীয় ঠিক করতে ১২ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

শেয়ার করুন:

সাংবাদিক কার্ড ইস্যুতে সফটওয়্যার, করণীয় ঠিক করতে ১২ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের নির্বাচনি কার্ড ইস্যু প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে করণীয় নির্ধারণে ১২ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদের গঠন করে দেওয়ার কমিটির আদেশে বলা হয়েছে, অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো কার্যক্রমের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

১২ সদস্যের কমিটি

নির্বাচন কমিশনের সভায় বিস্তারিত আলোচনার পর সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যুর লক্ষ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ হিসেবে SRS প্রণয়নের জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে। আর সদস্য হিসেবে রয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার।

এছাড়া রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি'র (আরএফইড) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং ইসি কর্মকর্তারা কমিটিতে রয়েছেন।

অনলাইন নিবন্ধন থেকে কার্ড ইস্যু পর্যন্ত পর্যালোচনা

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যুর লক্ষ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ হিসেবে SRS প্রণয়নের ধারাবাহিকতা বজায় রেখে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত যাবতীয় কার্যক্রমের বিষয়ে সুপারিশ প্রণয়ন করতে হবে।

অর্থাৎ সাংবাদিকদের অনলাইন নিবন্ধন, তথ্য যাচাই এবং পরবর্তী সময়ে কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কীভাবে সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে, সে বিষয়ে প্রয়োজনীয় কাঠামো ও সুপারিশ তৈরি করবে কমিটি।

SRS প্রণয়নের কাজ করতে গিয়ে প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। অর্থাৎ কাজের প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা প্রয়োজনীয় ব্যক্তিকে কমিটির সঙ্গে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ট্রায়াল ছাড়াই অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। তড়িঘড়ি তৈরি করা ওয়েবসাইটে আবেদনের পর ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়লে গণমাধ্যমের আপত্তি ও দেশব্যাপী সমালোচনার মুখে ওই প্রক্রিয়া থেকে সরে আসে ইসি। এবার কোনো ঝুঁকি না নিয়ে সবার সঙ্গে আলোচনা করে কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।


এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর