বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাইফুর-কামরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাইফুর-কামরুল
‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের নতুন সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’-এর আত্মপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান নতুন এই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব করা হয়েছে।

আলোচনা সভায় আলোকচিত্রী শহীদুল আলম বিগত সময়ের সাংবাদিকতার চর্চা নিয়ে সমালোচনা করেন।

তিনি বলেন, ‘প্রেসক্লাবে শেখ হাসিনার ছবি সাংবাদিকরাই ঝুলিয়েছিল। এখনও যাতে একই ধরনের কাজ না হয়, সেটি নিশ্চিত করতে হবে। দেশের মানুষের জন্য এমন নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে, যাতে সরকার পরিবর্তন হলে সাংবাদিকদের পালিয়ে যেতে না হয়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘অন্যদের সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করতে হবে। আমরা যেন পূর্ববর্তীদের মতো হয়ে না যাই, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আন্দোলনে সাংবাদিকদের সমর্থন ও ভূমিকার কথা স্মরণ করে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘দলান্ধতার পরিবর্তে সাংবাদিকদের এখন দেশের জন্য কাজ করে যেতে হবে।’

নবগঠিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর বলেন, ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে। জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

সদস্য সচিব আহসান কামরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম সঠিক ভূমিকা রাখতে না পারলেও এখনও গণমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফেরাতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেনও বক্তব্য দেন। চরম শত্রুও যেন অন্যায়ের শিকার না হয় এবং সংগঠনটি যেন সর্বদা ন্যায় ও সত্যের পক্ষে থাকে, সে বিষয়ে শহীদ পরিবারের পক্ষ থেকে সতর্ক করা হয়।

এছাড়া সাংবাদিক খোমেনি এহসান ও তালুকদার রুমিও সভায় বক্তব্য রাখেন। তারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন।

আহ্বায়ক কমিটিতে যারা আছেন

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন লুৎফর রহমান বাদল (দৈনিক জাতীয় অর্থনীতি), তালুকদার রুমী (দৈনিক পাঞ্জেরী), মাহমুদ রাকিব (এখন টিভি), আকতার হাবীব (চ্যানেল আই), শিমুল পারভেজ (দ্য নিউ নেশন), রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি) এবং ইসরাফিল ফরাজী (দৈনিক জনকণ্ঠ)।

যুগ্ম সদস্য সচিব হয়েছেন আবদুর রহিম (দৈনিক জনকণ্ঠ), কেফায়েত শাকিল (বাংলাভিশন), নুরুল ইসলাম খান মামুন (ভিওডি বাংলা), ওবায়দুর রহমান (ফ্রিল্যান্স), একেএম রেজাউল করিম (ফ্রিল্যান্স), নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক বর্তমান) এবং রহমতুল্লাহ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

কমিটির সদস্যরা হলেন— খোমেনি এহসান, আল ইমরান, অন্তু মোজাহিদ, জালাল আহমেদ, রাকেশ রহমান, সাজ্জাদ হোসেন, ফখরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিফতাহুল জান্নাত, ফারজানা ববি, তাসবির ইকবাল, মোর্শেদুল আলম, কেফায়েত রুমী, মেহেদী হাসান বাপ্পি, রাশেদ মানিক, ওমর ফারুক, এইচএম ইমরান হোসেন এবং মেহরাজ রাব্বি।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক নেতা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর