বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভোলার উন্নয়নে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

ভোলার উন্নয়নে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

দ্বীপ জেলা ভোলার উন্নয়নে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভোলা-৪ আসনের নুরুল ইসলাম নয়নের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা সংসদকে জানান।

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার (হাফিজ উদ্দিন আহমদ), অবশ্যই এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আগ্রহী। ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদটি যেমন আমরা দেশের মানুষের জন্য ব্যবহার করতে চাই, একই সঙ্গে ভোলার মানুষ যাতে এই সম্পদ থেকে উপকৃত হয়, সেটিও আমাদের একটি লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, প্রথম একটি পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। ভোলা যেহেতু একটি দ্বীপ জেলা, এই দ্বীপ জেলাকে আমরা আমাদের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে চাই। আর সেই জন্যই সেতু স্থাপন এবং সেতু স্থাপনের মাধ্যমে সড়ক যোগাযোগের মাধ্যমে আমরা এটি করতে চাই। দ্বিতীয়ত, ভোলায় যেমন আমরা একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই ৫০০ মেগাওয়াটের। একই সঙ্গে আমরা একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চাই।

ভোলা শিল্পায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রাইভেট এন্টারপ্রেনরশিপকে আমরা এনকারেজ করছি। এরই মধ্যে বেশ কিছু প্রাইভেট এন্টারপ্রেনরশিপ সেখানে তাদের ইন্ডাস্ট্রি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলছি, যারা সেখানে কারখানা স্থাপন করবেন। এর মাধ্যমে ভোলাকে আমরা গড়ে তুলতে চাই, ভোলার মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়।

হাফিজ উদ্দিন আহমদের বাড়ি ভোলায়। তিনি ভোলা-২ আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর