রাজধানীর উত্তরায় একটি শপিং মলে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, উত্তরার ওই ছয়তলা শপিং মলের পাঁচতলায় থাকা একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
এমআইকে/জেবি




