মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাঁধনের ওপর হামলা নিয়ে আসিফ নজরুলের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

বাঁধনের ওপর হামলা নিয়ে আসিফ নজরুলের কড়া বার্তা
আসিফ নজরুল ও অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে তিনি বিস্মিত। বাঁধনের ওপর হামলার ঘটনা নিজেরাই প্রচার করে তারা নিজেদের বিরুদ্ধে অকাট্য সাক্ষী রেখে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি লেখেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ডকীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন!

আসিফ নজরুল বলেন, এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে শূন্য হাতে দেশে ফিরতে হবে। এমন পরিস্থিতি তাদের ও তাদের পরিবারের জন্য ভালো হবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ভাই, কার জন্য করেন এসব? নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে? আপনারা সত্যিই বিশ্বাস করেন, তাঁর বা তাঁর মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যিই বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তাঁরা?

তিনি আরও বলেন, সত্যিই বিশ্বাস করেন, আপনাদের করুণ পরিণতি হলে কোনো সাহায্য করবেন তাঁরা?

নিজেকে বিপন্ন করা এবং দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, দলকে ভালোবাসলে নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করা উচিত। একই সঙ্গে বাংলাদেশের মানুষ কেন জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা বোঝার চেষ্টা করতে আওয়ামী লীগের কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি আরও বলেন, সবচেয়ে আগে নিজেকে নিরাপদ রাখেন। দুই বছর আগে জেনেভায় তাঁর বিরুদ্ধে মব করার পর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা নেননি বলে জানান।

তবে এরপর আওয়ামী লীগের কেউ কেউ আরও অনেক বেশি নোংরা ও বেপরোয়া হয়েছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এসব সহ্য করার মতো নয়।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর