মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সংসদ অধিবেশনে আজ যেসব কার্যসূচি রয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

সংসদ অধিবেশনে আজ যেসব কার্যসূচি রয়েছে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন বসছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায়। বৈঠকের দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ, বৈধতার প্রশ্ন এবং একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা রয়েছে।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর দেওয়া হবে। 

এ পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এরপর কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা হবে।

এ পর্বে তিনটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করবেন সংসদ সদস্যরা। মহিলা আসন-৯-এর সদস্য হেলেন জেরিন খান ‘দেশের সৌর বিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ’ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

মহিলা আসন-১৫-এর সদস্য সানসিলা জেবরিন ‘খাদ্যে ভেজাল, অনিরাপদ শিশুখাদ্য ও খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা, ডিজিটাল তথ্য প্রকাশ এবং কার্যকর নজরদারি গ্রহণ’ বিষয়ে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

এ ছাড়া মহিলা আসন-৪৪-এর সদস্য মারদিয়া মমতাজ ‘কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রয়োজনীয় ও পরিবারবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ’ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

বৈঠকে কার্যপ্রণালী-বিধির ৩০২ বিধির আওতায় একটি বৈধতার প্রশ্নও উত্থাপন করা হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আ. গণি ওসমানীর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং জাতীয় পাঠ্যপুস্তকে তার জীবনী, সংগ্রাম, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্ত করার বিষয়ে বিষয়টি উত্থাপন করবেন।

এরপর কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকা-১৪ আসনের সদস্য মীর আহমাদ বিনকাসেম এই প্রস্তাবটি এনেছেন।

প্রস্তাবে মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির বহু মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিদেশে অবস্থান এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

প্রস্তাবে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোসহ এ বিষয়ে নেওয়া সব পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে উপস্থাপন, প্রেরিত নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না তা নির্ধারণ এবং ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া সরকারি চাকরিতে থাকাকালে জালিয়াতির মাধ্যমে ছয়টি দেশের পাসপোর্ট পাওয়ার বিষয়ে তদন্তের অগ্রগতি এবং বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা ও দেশে-বিদেশে তার অবৈধ সম্পদ জব্দে নেওয়া ও পরিকল্পিত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন অনতিবিলম্বে সংসদে উপস্থাপনের দাবি জানানো হয়েছে।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর