সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

উপজেলাভিত্তিক হবে ইউপি নির্বাচন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

উপজেলাভিত্তিক হবে ইউপি নির্বাচন: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সবগুলোর ভোট একইসঙ্গে হবে বলে জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে হবে তা এখনো ঠিক হয়নি জানিয়ে আখতার আহমেদ জানান, এটুকু বলা যায় উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলোর ভোট একইসঙ্গে হবে। এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে এবং বাকিগুলো অন্য ধাপে হলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কা থেকে একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে বলে জানান তিনি।

এছাড়া তফসিল ঘোষণার বিষয়টি কমিশনের এখতিয়ার বলেও জানান তিনি। 

স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, আমার জানামতে, পোস্টার থাকবে না। বাকি পরিবর্তনগুলো পরবর্তীতে জানানো হবে।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করে। মে মাসে সংরক্ষিত নারী আসনের ভোট শেষ করে। আগস্টে শেষ হয় রাষ্ট্রপতি নির্বাচন। এবার স্থানীয় নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ ইসির সামনে।

সাড়ে চার হাজার ইউনিয়ন, ৩৩০ পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা, ৬১ জেলা ও ১৩ সিটি করপোরেশনের মধ্যে প্রথমে ইউনিয়ন পরিষদের ধাপে ধাপে ভোট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন হবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর