সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসমিন বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ইয়াসমিন বেগম বিদায়ী সচিব কানিজ মওলার স্থলাভিষিক্ত হয়েছেন।
এ উপলক্ষে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং তার সফল মেয়াদের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বহুমুখী বিকাশে নবনিযুক্ত সচিবের সর্বাত্মক সাফল্য কামনা করেন।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতর, অধিদফতর ও পরিদফতরের প্রধানরা এবং প্রতিনিধিরা নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত সচিব উপস্থিত সকলের শুভেচ্ছার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতির উন্নয়ন, সার্বিক প্রসার এবং সমৃদ্ধ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বর্তমান সরকার গৃহীত নানা যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এএইচ



