রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে মাতাল অবস্থায় নারীকে গুলি, গ্রেফতার বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে মাতাল অবস্থায় নারীকে গুলি, গ্রেফতার বাবা-ছেলে

রাজধানীর দারুসসালাম এলাকায় এক নারী নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী, ছেলে ও ছেলের বন্ধুকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব -৪)। র‍্যাব জানায়, গুলি করা ব্যক্তি ভুক্তভোগী ওই নারীর স্বামী। সে মাতাল হয়ে তার স্ত্রীকে গুলি করে আহত করে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

‎‎গ্রেফতারকৃত আসামিরা হলেন— আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান, তার ছেলে মো. রাকিব ও ছেলের বন্ধু মো. হাতিম মিয়া ।

‎‎সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান জানান, গতকাল শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ওই নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

‎‎ঘটনার পর র‍্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আব্দুল মান্নান জানায় যে অস্ত্র দিয়ে গুলি করেছিল সেটি লুকিয়ে রাখতে তার ছেলের কাছে অস্ত্রটি দিয়েছে। পরে ছেলেকে গ্রেফতারের পর সে জানায় এক বন্ধুর বাসায় সেটি লুকিয়ে রেখেছে। পরে হাতেম নামের এক বন্ধুর বাসা থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ উন্নয়ন প্রকল্প
বিলুপ্ত না করে এসআরবি গঠন মানে নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ

‎‎র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান জানিয়েছেন, তিনি ওই নারীর স্বামী। তিনি মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

‎‎গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৪।

একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর