রাজধানীর দারুস সালাম থানার মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জেসমিনের ছেলে ইয়াসিন জানান, রাতে তার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে খোলা জানালা দিয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার মায়ের ডান হাতে লাগে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান।
খবর পেয়ে ইয়াসিন তার মাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জেসমিন বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। তার স্বামীর নাম আব্দুল মান্নান। বর্তমানে তিনি দারুস সালাম থানার মসজিদ গলি এলাকায় একটি টিনশেড বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিব জানান, ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এএস




