রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আটক ১

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আটক ১

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় দোকানে ঢুকে মো. আসলাম খান (৪০) নামে এক রাইস কুকার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম হাত ও মুখের ডান পাশে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে শনিরআখড়া রয়েল হাসপাতালের সামনে ‘লাকী রাইস কুকারিজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন জানান, রাতের দিকে এক ব্যক্তি দোকানে ঢুকে আসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার বাম হাত ও মুখের ডান পাশে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাকে হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

মনোয়ার হোসেন আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে কী কারণে তার বন্ধুকে গুলি করা হয়েছে, তা তারা জানেন না।

আহত আসলামের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামে। তার বাবার নাম আলী আকবর খান। তিনি দুই সন্তানের জনক। বর্তমানে কদমতলী থানার পলাশপুর-শনিরআখড়া এলাকায় বসবাস করেন। রাইস কুকারের ব্যবসার পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এমএমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর