রাজধানীর কাফরুলে ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় জড়িত যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় থেকে গ্রেফতার ও শিশু উদ্ধার হয়।
কাফরুল থানা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের এক শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।
ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরবর্তীতে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শনিবার বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে।
এমআইকে/এএম




