শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই’

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই’
প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইমজা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার (৪ স্পেটেম্বর) সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিকরা। ওই ঘটনার প্রেক্ষিতে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

2
সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইমজা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১

সাক্ষাৎ শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।’

তিনি বলেন, ‘মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বোয়িং বিমান কিনতে হবে এমন কোনো চাপ কেউ দিচ্ছে না। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর