ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। অপহরণের পর প্রায় দুই মাসেরও বেশি সময় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তারা বাংলাদেশে ফিরেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, আদ্দিস আবাবায় ওই দুই বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হন। পরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
গত ২৩ জুন থেকে ইথিওপিয়ার বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা আদ্দিস আবাবায় ছিলেন। এ সময় দূতাবাসের তত্ত্বাবধান ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল তাদের।
এসএইচ/এমআই




