শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল

কওমী মাদরাসার সাবেক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি নিজেদের একটি ঐক্যবদ্ধ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

কমিটিতে এহতেশামুল হক সাখীকে আহ্বায়ক এবং তানজিল আমিরকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাওয়াদ আহমাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামালুদ্দীন খালেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনাস বিন ইউসুফ এবং সদস্য মাহমুদ মুজিব, বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ, আনওয়ারুল হক, বেলায়েত হুসাইন, জাওয়াদ আহমদ, আতাউর রহমান, গাজী আহমাদ আব্দুল্লাহ মূসা, ইশতিয়াক সিদ্দীকী, সাব্বির আহমদ, ফয়সাল সাদেক, নাঈমুল ইসলাম, ইমরুল শাহেদ ও খালেদ সাইফুল্লাহ।

সংগঠনসংশ্লিষ্টরা জানান, কওমী মাদ্রাসায় অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবকদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ কওমী যুব ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামী মূল্যবোধ, নৈতিক চরিত্র, জ্ঞান, দক্ষতা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের ভিত্তিতে একটি সুশিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও সেবামুখী যুবসমাজ গড়ে তোলাকে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শ বিশ্বব্যাপী তুলে ধরতে তরুণ আলেমদের সব মত ও পথের ঊর্ধ্বে উঠে দাওয়াতি মানসিকতায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করবে বাংলাদেশ কওমী যুব ফোরাম। নতুন প্রজন্মের সামনে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা এবং মতাদর্শকেন্দ্রিক বিরোধ এড়িয়ে সমাজে ইসলামের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজকে একটি শক্তিশালী সামাজিক বন্ধনে যুক্ত করা হবে। একই সঙ্গে কওমী শিক্ষার ঐতিহ্য ও আধুনিক জ্ঞান-দক্ষতার মধ্যে ইতিবাচক সেতুবন্ধন তৈরিতে কাজ করবে সংগঠনটি।

এ ছাড়া ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও শিক্ষার ভিন্নতা ভুলে যুবকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ কওমী যুব ফোরামের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে কওমী মাদ্রাসা ও শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা, যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন।

সংগঠনের নেতারা জানান, কওমী শিক্ষিত যুবকদের জ্ঞান, মেধা ও নেতৃত্বকে সমাজের বৃহত্তর পরিসরে কাজে লাগানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাধারা ও বিভিন্ন শ্রেণি-পেশার তরুণদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে দ্রুত মানুষের পাশে দাঁড়াতে প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

নেতারা বলেন, কওমী শিক্ষার মূল্যবোধ ও ঐতিহ্য ধারণ করে সমাজের সব শ্রেণি-পেশার যুবকদের সঙ্গে নিয়ে শিক্ষা, দক্ষতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন একটি ঐক্যবদ্ধ যুবসমাজ গড়ে তোলাই বাংলাদেশ কওমী যুব ফোরামের মূল প্রত্যয়।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর