শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিহত আনসার সদস্যের পরিবারের পাশে আনসার, শোধ করল ব্যাংকঋণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ করল আনসার
নিহত আনসার সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত আনসার ও ভিডিপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার খরচ দেওয়ার পর এবার তাঁর ব্যাংকঋণ পরিশোধের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত আনসার সদস্যের পরিবারের হাতে বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

আনসার সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য পরিবারের সদস্যদের ৭৫ হাজার টাকা দেওয়া হয়। এবার তাঁর ব্যাংকঋণ পরিশোধের জন্য আরও ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা দেওয়া হয়েছে।

নিহত আলাউদ্দিনের স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই অর্থ দিয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আলাউদ্দিনের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।

এ সময় নিহতের বাবা ও বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খান উপস্থিত ছিলেন।

আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বিধি অনুযায়ী প্রাপ্য সব সুবিধা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

‎একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর