দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেছেন, ‘ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সংস্থার জন্য প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম কেনা হয়েছে এবং আরও কিছু সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে।’
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১০ এর নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
প্রশ্নে নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কী ধরনের সরঞ্জাম রয়েছে এবং নতুন করে আরও সরঞ্জাম আনার পরিকল্পনা আছে কি না।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমিকম্পের পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য সরকার নিজস্ব প্রস্তুতি জোরদার করছে। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও কাজ চলছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এক লাখ স্বেচ্ছাসেবকভিত্তিক একটি দল গঠনের কার্যক্রম চলছে। এরই মধ্যে প্রায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দুর্যোগ ও উদ্ধার কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।’
উদ্ধার সরঞ্জাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ইকুইপমেন্ট ইতোমধ্যে কেনা হয়েছে। এসব সরঞ্জাম উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু সরঞ্জাম কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘সরকারি যন্ত্রপাতির পাশাপাশি দেশের বেসরকারি খাতে থাকা বিভিন্ন ভারী যন্ত্রপাতিরও তালিকা করা হয়েছে, যাতে দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী সেগুলোর সহায়তা নেওয়া যায়।’
কোন কোন সরঞ্জাম সরকারের কাছে রয়েছে- এ বিষয়ে বিস্তারিত তালিকা চাইলে সংসদ সদস্যকে নোটিশ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নোটিশ দিলে সব সরঞ্জামের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া সম্ভব হবে।’
এমএইচএইচ/এএম




