ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারির কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বুধবার (২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শন করেছেন এমন বাছাই করা ৪০ জন কর্মকর্তা-কর্মচারিকে মহাপরিচালকের প্রশংসাপত্র প্রদান করা হয় এবং সারা দেশে থেকে অপারেশনাল ও প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধির কাছে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন এবং অন্যান্য বিভাগের ৩টি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পরিচালকদের সঙ্গে নিয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তর ও বিভিন্ন বিভাগের উপপরিচাকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগ ও জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
এমআইকে/এএম




