বাংলাদেশে শ্রম অধিকার, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দফতরে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনায় আইএলও’র শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের লক্ষ্য ও বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক মিলের বিষয়টি গুরুত্ব পায়। উভয়পক্ষই শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে সম্মত হয়।
আলোচনাটি পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়। আইএলও এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।
এমআইকে/এএম




