বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালি খোলা রাখতে সব পক্ষকে আলোচনার আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালি খোলা রাখতে সব পক্ষকে আলোচনার আহ্বান বাংলাদেশের
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি- ঢাকা মেইল

ইরান নিয়ন্ত্রিত বিশ্বের অতিগুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পরিস্থিতিতে বাংলাদেশ সব সময়ই উত্তেজনা প্রশমন ও সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে বলেও জানান তিনি। 

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় এক কোটি বাংলাদেশির কল্যাণ বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ককে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে চায়।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ডি-এস্কেলেশনের (উত্তেজনা প্রশমন) আহ্বান জানিয়েছি। এটা আমাদের সব সময়ের কূটনৈতিক অবস্থান। সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের যে প্রায় এক কোটি মানুষ রয়েছেন, তাদের কল্যাণের বিষয়টি আমাদের কাছে প্রধান অগ্রাধিকার।’

তিনি বলেন, সংঘাতের অবসান এবং শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে ইরানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ইরানের সঙ্গে সম্পর্ক অব্যাহত রয়েছে এবং দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে।

হুমায়ুন কবির বলেন, ‘মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর এর কিছু প্রভাব রয়েছে। বিশেষ করে সেখানকার নাগরিকদের বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক দিন আগে তারা (মধ্যপ্রাচ্যের একটি দেশ) আমাদের সহযোগিতা করেছে—প্রধানমন্ত্রীর সফরসহ বিভিন্ন জায়গায় যেখানে আমাদের সম্পৃক্ততা ছিল।’

বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং তারা বাংলাদেশের অবস্থানটি বুঝতে পারছে।

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ বা আগ্রাসনে বাংলাদেশের সমর্থন নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা আগেও বলেছি, ইরানে গিয়ে হামলা করা বা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো আহ্বান বা এমন কোনো পন্থা নিয়ে আমরা কাজ করছি না।’

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। সংঘাতের পর একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়াকে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় আটকে থাকা বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যাতে দ্রুত সমাধান করা যায়, সেটিও বাংলাদেশের অন্যতম লক্ষ্য।

হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘হরমুজ খোলা রাখা শুধু এক পক্ষের বিষয় নয়। এখানে সংঘাতে জড়িত সব পক্ষই এর সঙ্গে সম্পৃক্ত।’

তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার বিষয়টিকে কোনো একটি পক্ষের ওপর নির্ভরশীল করে দেখার সুযোগ নেই। এ বিষয়ে সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কাউকে আলাদা করে একজনের ওপর নির্ভর করছে—এভাবে হরমুজ খোলা বা বন্ধ রাখার কূটনৈতিক আলোচনা করা যায় না। এখানে বিভিন্ন পক্ষ ও বিভিন্ন ইস্যু জড়িত।’

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গও এ সময় ওঠে। এছাড়া ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও তার সফরের বিষয়ে জানতে চাওয়া হয়।

বাংলাদেশের কিছু যানবাহন ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় আটকে থাকার প্রসঙ্গেও সাংবাদিকরা প্রশ্ন করেন। 

জবাবে হুমায়ুন কবির বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেরই এ ধরনের স্বার্থ জড়িত রয়েছে। বাংলাদেশের আগ্রহ হলো পরিস্থিতি স্বাভাবিক হয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া, যাতে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত এগিয়ে নেওয়া যায়।

তিনি বলেন, ‘আমরা আমাদের স্বার্থের জায়গা থেকে বলছি, পথটি খোলা হোক। আমরা সংশ্লিষ্টদের এ বিষয়ে আহ্বান জানিয়েছি।’

ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এই সম্পর্ককে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ইতিবাচক উদ্যোগ নেবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

তিনি বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেটি থেকে সংশ্লিষ্ট পক্ষগুলো ইতিবাচক উদ্যোগ নেবে—এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর