যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত এই টিম অনুসন্ধান করবে।
আরও পড়ুন: আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ, অর্থ পাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিদেশে অর্থ পাচার, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইসহ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুদকের বিশেষ টিম।
এমআই




